উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে ৩৫ কেজির বার্মিজ রক পাইথন উদ্ধার
আব্দুল্লাহ আল যোবাইর, কক্সবাজার প্রতিনিধি।
বন বিভাগের কাছে হস্তান্তর, রোববার বনে অবমুক্ত করা হবে – বনবিভাগ ।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিনের সুপারি বাগান থেকে প্রায় ৩৫ কেজি ওজনের একটি বিশাল
বার্মিজ রক পাইথন (অজগর) উদ্ধার করা হয়েছে।
পরে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে হেলাল উদ্দিনের মা সুপারি বাগানে গেলে একটি জালের মধ্যে অজগরটিকে আটকা অবস্থায় দেখতে পান। পরে হেলাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চান। সেখানে তাৎক্ষণিক সাড়া না পেয়ে তিনি বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি দেখে স্থানীয় রেসকিউ টিমের সদস্য নুরুল আমিন ঘটনাস্থলে ছুটে যান। পরে সকাল ১০টার দিকে তিনি অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর হেলাল উদ্দিন নিজে গিয়ে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় কয়েকজনের ধারণা, আশপাশের পাহাড়ি বনাঞ্চল থেকে পাশের খাল দিয়ে অজগরটি সুপারি বাগানে ঢুকে থাকতে পারে। তবে অজগরটির বাগানে প্রবেশের সঠিক পথ নিশ্চিত হওয়া যায়নি।
উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, উদ্ধার করা অজগরটি বিকেল পর্যন্ত পর্যবেক্ষণ ও পরিচর্যায় রাখা হবে। এ সময় অজগরটি সুস্থ আছে কি না তা নিশ্চিত করা হবে। সুস্থ থাকলে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অজগরটিকে বনে অবমুক্ত করা হবে।
বন বিভাগের কর্মকর্তারা বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে বা আটকা পড়লে সেটিকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা।
নিজস্ব সংবাদ : 













