কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সোনার পাড়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় তলার সংস্কার কাজে ৩ লাখ টাকা দান করে আজীবন দাতা সদস্য হয়েছেন ইউনিক হাসপাতালের চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন মাতাব্বর।
সম্প্রতি মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএম জসিম উদ্দিন মাতাব্বর বলেন, “দ্বীনি শিক্ষার প্রসারে পাশে থাকা সৌভাগ্যের বিষয়। ভবিষ্যতেও মাদ্রাসার উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
মাদ্রাসার বর্তমান সভাপতি হাফেজ মাওলানা জালাল আহমেদ একান্ত প্রচেষ্টায় গত এক বছরে মাদ্রাসা ফান্ড থেকে জরাজীর্ণ শিক্ষক মিলনায়তন সংস্কার করে মানসম্মত অফিস তৈরি করা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় তলার সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে মাদ্রাসার অবকাঠামো ও শিক্ষার মান উন্নত হচ্ছে। প্রতিষ্ঠানটিকে আলিম পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
মাদ্রাসা পরিবার ও ইউনিক হাসপাতাল পরিবার উভয়ের পক্ষ থেকে সম্মানিত দাতা ও সভাপতিকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।
আব্দুল্লাহ আল যোবাইর 












