৭ দিনের সময় শেষ, তবুও সরেনি উখিয়ার অবৈধ স্থাপনা
উখিয়া প্রতিনিধি | কক্সবাজার
উখিয়া উপজেলার কুতুপালং, কোর্টবাজার ও উখিয়া সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছিল উপজেলা প্রশাসন। তবে নির্ধারিত সময়সীমা শেষ হলেও এখনো দৃশ্যমান কোনো উচ্ছেদ অভিযান শুরু হয়নি।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুই পাশ দখল করে থাকা দোকানপাট, ফুটপাতজুড়ে অবৈধ স্থাপনা এবং বিভিন্ন স্থানে অস্থায়ী যানবাহনের স্ট্যান্ড আগের মতোই রয়েছে। ফলে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে প্রশাসনের ঘোষণা থাকলেও সময়সীমা শেষ হওয়ার পরও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এতে জনমনে প্রশ্ন উঠেছে—অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসন কবে মাঠে নামবে?
এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা জরুরি।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, উপজেলা প্রশাসন ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে।
নিজস্ব সংবাদ : 










