বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগ কর্তৃক প্রকাশিত নিয়মিত আইন সাময়িকী ‘আইনপত্র’ (সংখ্যা–১)-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হয়রত আলি মিয়া, রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজউদ্দৌল্লাহ এবং সাংবাদিকতা ও মিডিয়া অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী।
অনুষ্ঠানের শুরুতে ‘আইনপত্র’-এর নির্বাহী সম্পাদক ও আইন বিভাগের প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম জিহাদী উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি সাময়িকীটির প্রকাশনার উদ্দেশ্য, আইনবিষয়ক জ্ঞানচর্চা এবং গবেষণাভিত্তিক লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে ‘আইনপত্র’-এর সহযোগী সম্পাদক ও আইন বিভাগের প্রভাষক প্রাঞ্জল দত্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘আইনপত্র’-এর সহ-সম্পাদক ও আইন বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী জমির উদ্দিন।
বক্তারা তাঁদের বক্তব্যে আইন শিক্ষার সঙ্গে গবেষণা, সমালোচনামূলক চিন্তা, যুক্তিনির্ভর বিশ্লেষণ ও একাডেমিক লেখালেখির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নিয়মিত আইন সাময়িকী ‘আইনপত্র’ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞান, মতামত ও সৃজনশীল চিন্তা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া ‘আইনপত্র’ প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান। তিনি আইন শিক্ষার পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে এ ধরনের প্রকাশনার ভূমিকার কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন সাময়িকীটির প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইন বিভাগের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে গবেষণা ও প্রকাশনাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিন ইমরান এবং ৩৮তম ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ দাশ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আইন বিভাগ কর্তৃক প্রকাশিত নিয়মিত আইন সাময়িকী ‘আইনপত্র’-এর প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশনা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সাময়িকীটির প্রকাশনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, লেখক ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
নিজস্ব সংবাদ : 














