কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ১ নম্বর সহসভাপতি ও ইউনিয়ন সেক্রেটারি প্রার্থী জয়নাল (৫২) ইয়াবাসহ গাজীপুরে গ্রেপ্তার হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাত ৮টা ৩৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মিত মাদকবিরোধী অভিযানে জয়নাল আবেদীনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার জয়নাল আবেদীন কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলীপাড়া গ্রামের বাসিন্দা জলিল আহমেদ ড্রাইভারের ছেলে। তিনি বর্তমানে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 













