কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে প্রস্তাবিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, প্রায় ৭০০-এর বেশি ছাত্রছাত্রীর কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত বিষয়ে আহ্বায়ক, সদস্য সচিব ও ব্যাচ প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।
এছাড়া, যাঁরা স্কুলের বর্তমান বা সাবেক শিক্ষার্থী নন, তাঁদেরকেও উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে, কীভাবে অ-শিক্ষার্থীরা এমন কমিটিতে স্থান পান।
অভিযোগ অনুযায়ী, একটি পক্ষ নিজেদের ইচ্ছামতো উপদেষ্টা কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করছে, যা স্থানীয় নির্বাচনী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা হচ্ছে বলে অনেকের ধারণা।
ইতোমধ্যে ব্যাচ-১২, ব্যাচ-১৯ ও ব্যাচ-২২ উক্ত অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
শিক্ষার্থীরা এই মনগড়া কমিটির কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্কুল অভিভাবক ও সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও সচেতন মহল।
নিজস্ব সংবাদ : 
















